চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ, সরবরাহে স্বস্তি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১১:৪২ এএম
চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ, সরবরাহে স্বস্তি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও চট্টগ্রাম বন্দরে তেল ও গ্যাসবাহী কয়েকটি জাহাজ পৌঁছানোয় আপাতত কিছুটা স্বস্তি দেখা দিয়েছে দেশের জ্বালানি সরবরাহে।

রোববার সকালে জ্বালানিবাহী মোট আটটি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, জাহাজগুলো আগেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এবং ২৮ ফেব্রুয়ারির আগেই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি অতিক্রম করে। ফলে যুদ্ধ পরিস্থিতির কারণে ওই পথ বন্ধ হয়ে যাওয়ার আগেই তারা বাংলাদেশমুখী যাত্রা সম্পন্ন করতে সক্ষম হয়।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময় অনুযায়ী জাহাজগুলো বন্দরে পৌঁছেছে। খুব শিগগিরই সেগুলো থেকে তেল ও গ্যাস খালাসের কার্যক্রম শুরু করা হবে।

এদিকে বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটি ইতোমধ্যে জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ করেছে, যাতে মজুত ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখা যায়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। ফলে ওই পথ ধরে যেসব জাহাজ পরে যাত্রা করার কথা ছিল, সেগুলোর অনেকই বর্তমানে সৌদি আরব, কাতার ও দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে আটকে আছে।

তবে সংঘাত শুরুর আগেই হরমুজ প্রণালি অতিক্রম করা জাহাজগুলো ধীরে ধীরে বাংলাদেশের বন্দরে পৌঁছাতে শুরু করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব জাহাজ পৌঁছানোর ফলে আপাতত দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি সামাল দেওয়া সহজ হবে।

এএন