জ্বালানি তেল বিপণন ও ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী পুলিশি টহল জোরদারের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। রোববার এই চিঠি পাঠানো হয়।
বিপিসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান জ্বালানি পরিস্থিতিতে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তেলের মজুত নিয়ে নেতিবাচক সংবাদ প্রচারিত হচ্ছে। এর ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহের একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
ডিলাররাও পূর্বের তুলনায় অনেক বেশি পরিমাণ তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন। এছাড়া অনেক ভোক্তা অননুমোদিতভাবে তেল মজুত করার চেষ্টা করছেন বলেও চিঠিতে জানানো হয়।
বিদ্যমান পরিস্থিতিতে বিপিসি ইতিমধ্যেই ফিলিং স্টেশন থেকে ভোক্তা পর্যায়ে জ্বালানি সরবরাহ সীমিত করার বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। তবে সরবরাহ সীমিত করার ফলে অনেক স্থানে তেল ক্রেতাদের সাথে ফিলিং স্টেশনের কর্মচারীদের বাকবিতণ্ডা ও অনভিপ্রেত ঘটনা ঘটছে। এই ধরনের পরিস্থিতি সামাল দিতে এবং ফিলিং স্টেশনগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল বাড়ানো জরুরি হয়ে পড়েছে।
চিঠিতে বলা হয়, এমতাবস্থায়, দেশের সব ফিলিং স্টেশনের নিরাপত্তার স্বার্থে পুলিশি টহল জোরদার করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ অনুরোধ করা হলো।
বিপিসি আশা করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতিতে তেলের বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং অননুমোদিত মজুত রোধ করা সম্ভব হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন