নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০১:৩৪ পিএম
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খানের নাম ঘোষণা করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে বঙ্গভবনে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

১৩তম জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির এই প্রবীণ নেতা।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আহমেদ আযম খান দলটির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

এছাড়া তিনি টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। পূর্ববর্তী সরকারের সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের আন্দোলন ও বিভিন্ন টেলিভিশন টকশোতেও সক্রিয় ভূমিকা রাখতে দেখা গেছে তাকে।

শপথ নেওয়ার পর আযম খান দলের সর্বস্তরের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সখীপুর ও বাসাইল এলাকার সামাজিক ও রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে তিনি কাজ করবেন। দল-মত নির্বিশেষে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখারও আহ্বান জানান তিনি।

এএন