২৯ হাজার সদস্য ও কর্মচারীকে ঈদ উপহার দিল আনসার-ভিডিপি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৭:৫২ পিএম
২৯ হাজার সদস্য ও কর্মচারীকে ঈদ উপহার দিল আনসার-ভিডিপি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৯ হাজার ৩৭ জন ভাতাভোগী সদস্য ও চতুর্থ শ্রেণির কর্মচারীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার ঢাকার খিলগাঁওস্থ বাহিনীর সদর দপ্তরে এই বিতরণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সদস্যদের কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে দেশব্যাপী ৬৪ জেলায় এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। প্রতিটি উপহারের প্যাকেটে ছিল পোলাওয়ের চাল, সেমাই, সুজি, গুঁড়া দুধ, নুডলস এবং বিভিন্ন ধরনের রান্নার মসলা। পবিত্র ঈদকে সামনে রেখে বাহিনীর সদস্যদের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, দেশের সর্ববৃহৎ এই শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নানা প্রতিকূলতা পেরিয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। বাহিনীর অগ্রগতি অব্যাহত রাখতে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের কাজ চলছে। 

তিনি গ্রামীণ সমাজকে শক্তিশালী করতে ভিডিপি সদস্যদের ভূমিকার প্রশংসা করে বলেন, তাদের জীবনমানের উন্নয়ন ঘটলে তা সামগ্রিক সামাজিক উন্নয়নকে আরও গতিশীল করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য ও কর্মস্পৃহা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি

জেএইচআর