শিক্ষামন্ত্রী

ঢাবি ভিসির পদত্যাগপত্র গ্রহণ করেছি, অ্যাকসেপ্ট করিনি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৭:১৪ পিএম
ঢাবি ভিসির পদত্যাগপত্র গ্রহণ করেছি, অ্যাকসেপ্ট করিনি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছি, তবে এখনো তা অনুমোদন করিনি। শুধু দরখাস্তটি গ্রহণ করেছি। তাঁকে এখনো জানানো হয়নি যে এটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি নিজে চূড়ান্ত সিদ্ধান্ত না নিচ্ছি, ততক্ষণ বিষয়টি খোলা থাকবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিষয়টি সমাধান না হওয়ায় প্রশাসনিক স্থবিরতা তৈরি হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, অধ্যাপক নিয়াজ আহমদ খান একজন ভদ্র ও যোগ্য ব্যক্তি। ভবিষ্যতে তাঁকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কাজে লাগানোর সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় স্বীকৃতি পরিষদসহ একাধিক পরিষদের বিষয়ও তাঁর বক্তব্যে উঠে আসে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে ওই পদত্যাগপত্র হস্তান্তর করেন।

উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ সে সময় জানান, উপাচার্য সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে মন্ত্রণালয় থেকে এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।

এএন