ধলপুরে ডিএসসিসির সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৯:৩৩ পিএম
ধলপুরে ডিএসসিসির সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে রাজধানীর ধলপুরে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। শনিবার সকালে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর আহ্বানে উজ্জীবিত হয়ে আমরা প্রতিটি ওয়ার্ডে সাপ্তাহিক বিশেষ অভিযান পরিচালনা করছি। ডিএসসিসির মাসব্যাপী ‘ক্রাশ প্রোগ্রাম’ বর্তমানে চলমান রয়েছে। জনস্বার্থ রক্ষায় পরিচ্ছন্নতা ও সড়কবাতির উন্নয়নের ক্ষেত্রে আমরা কোনো ধরনের ছাড় দেব না।”

অবৈধ দখলদারদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “জলাবদ্ধতা নিরসন ও মশার প্রজননস্থল ধ্বংসে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় যে কোনো মূল্যে খালের জায়গা পুনরুদ্ধার করা হবে।”

ধলপুর এলাকার এই অভিযানে প্রায় দুই শতাধিক পরিচ্ছন্নতা কর্মী অংশ নেন। এ সময় ড্রেন ও ফুটপাতের বর্জ্য অপসারণের পাশাপাশি মশার ওষুধ ছিটানো হয়। স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে একটি র‍্যালিও অনুষ্ঠিত হয়।

পরিচ্ছন্নতা অভিযান শেষে প্রশাসক “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ ও মেকানাইজড পার্কিং স্থাপন” শীর্ষক প্রকল্পের আওতায় ক্রয় করা নতুন যানবাহন হস্তান্তর করেন।

হস্তান্তরিত যানবাহনের মধ্যে রয়েছে— ৮ টন ক্ষমতাসম্পন্ন ৫টি থ্রি-হুইল রোড রোলার, ৩টি টায়ার ডোজার, ১টি লো-বেড ট্রেইলার এবং ৫ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন ১০টি পানির গাড়ি।

তিনি আশা প্রকাশ করেন, এসব যানবাহন বায়ুদূষণ রোধ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

একই দিনে ডিএসসিসির যান্ত্রিক সার্কেলের উদ্যোগে চালক ও মেকানিকদের জন্য একটি স্বল্পমেয়াদি কারিগরি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রশাসক।

প্রশিক্ষণ সম্পর্কে তিনি বলেন, “চালকরা দক্ষ হলে ছোটখাটো যান্ত্রিক সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব হবে এবং বড় ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা যাবে।”

অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং যান্ত্রিক সার্কেলের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

এএন