রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আগামী ৫ দিন ভারী বর্ষণের তেমন সম্ভাবনা না থাকলেও দেশের কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ৫ দিন পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা পুনরায় বাড়তে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রোববার (২২ মার্চ) সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক হয়ে উঠবে, যার ফলে গরমে কিছুটা অস্বস্তি অনুভূত হতে পারে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টায়।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় দেখা গেছে, লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আগামী ২৩ মার্চ পর্যন্ত সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ধাপে ধাপে সামান্য বাড়তে পারে। ২৪ ও ২৫ মার্চের দিকে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। ২৪ মার্চ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। ২৫ মার্চ পরবর্তী বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আবারও বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে।
এই সময়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকায় গরমের তীব্রতা কিছুটা অনুভূত হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন