বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস, ঢাকা।
দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার তুলনামূলকভাবে বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার এক লিখিত বার্তায় দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র-এর করদাতাদের প্রতি সরকারের দায়িত্ব রয়েছে, যাতে অভিবাসীরা অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন কিংবা সরকারি সহায়তার ওপর অতিরিক্ত বোঝা হয়ে না দাঁড়ান।
বার্তায় আরও বলা হয়, যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশি, সেই প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
মার্কিন দূতাবাস জানায়, এই স্থগিতাদেশের ফলে অভিবাসন সংক্রান্ত যাচাই ও বাছাই নীতিমালা এবং প্রক্রিয়াগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনার সুযোগ পাওয়া যাবে, যাতে সেগুলো আরও কার্যকরভাবে আমেরিকানদের স্বার্থকে অগ্রাধিকার দিতে পারে।
তবে দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, এই সিদ্ধান্ত অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ পর্যটক, শিক্ষার্থী ও অন্যান্য অস্থায়ী ভিসা কার্যক্রম স্বাভাবিকভাবেই চালু থাকবে।
এদিকে ভিসা স্থগিতের এই ঘোষণার পর বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও, কবে নাগাদ এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন