জ্বালানিমন্ত্রী

কালোবাজারিরা মজুত করে কৃত্রিম তেল সংকট তৈরির চেষ্টা করছে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০২:১৮ পিএম
কালোবাজারিরা মজুত করে কৃত্রিম তেল সংকট তৈরির চেষ্টা করছে

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও কালোবাজারিরা তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

শুক্রবার সিরাজগঞ্জের সয়দাবাদে ৬৮ মেগাওয়াট ক্ষমতার একটি সৌর বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, সরকারের কাছে পর্যাপ্ত তেল মজুত আছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো ঘাটতি নেই। তবে কিছু অসাধু চক্র ব্যক্তিগত মুনাফার উদ্দেশ্যে তেল মজুত করে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। এ সময় তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

এদিকে, বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পেট্রোল পাম্প মালিক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রেতারা যদি প্রয়োজনের অতিরিক্ত তেল কেনা অব্যাহত রাখেন এবং সংযত না হন, তবে আগামী ১০ দিন পর পাম্পগুলোতে তেলের তীব্র সংকট দেখা দিতে পারে। পাম্প মালিক সমিতির নেতারা সাধারণ ক্রেতাদের প্রতি তেল ক্রয়ে মিতব্যয়ী ও ধৈর্যশীল হওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছেন।

জেএইচআর