জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানিয়েছেন, সামনের বাজেটে বাড়ছে সিগারেটের দাম, যৌক্তিক করা হবে সিগারেটের শুল্ক কর কাঠামো।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপলক্ষ্যে প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ তথ্য জানান তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী অর্থবছরে ছোট পরিসরে উত্তরাধিকার কর পদ্ধতি চালু করবে। আগামী ২০২৭-২০২৮ অর্থবছর থেকে উচ্চবিত্তের জন্য আয়কর পাঁচ শতাংশ বাড়িয়ে ৩৫ শতাংশ নির্ধারণ করা হবে।
তিনি বলেন, ২০১৪ সালের টিআইএন ছিল ১৪ লাখের মতো। কিছু কাজে টিআইএন কম্পালসারি করার কারণে গত এক দশকে টিআইএন বেড়েছে। চলতি বছরে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার কারণে আয়কর রিটার্ন দাখিলে গতি এসেছে। আগামী বছরগুলোয় এ হার আরও বাড়বে।
মো. আব্দুর রহমান খান বলেন, প্রথম প্রান্তিকে যেসব করদাতা আয়কর রিটার্ন দাখিল করবেন তাদের প্রণোদনা দেয়া হবে। যারা দ্বিতীয় কোয়ার্টারে দেবেন তাদের নিয়মিত করদাতার হিসেবে গণ্য করিা হবে। আর যারা তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আয়কর রিটার্ন দেবেন তাদের জন্য বাড়তি কর দেওয়ার বিধান করা হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন