দেশের জ্বালানি চাহিদা মেটাতে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ মেট্রিক টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তেলবাহী জাহাজ ‘ইউয়ান জিং হে’।
শুক্রবার সকালে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা জাহাজটি পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ জানান, জাহাজটি শুক্রবার ভোরে বন্দরের বহির্নোঙরে অবস্থান নেয়। জ্বালানি সংকটের কথা বিবেচনায় রেখে অগ্রাধিকার ভিত্তিতে জাহাজটিকে বার্থিং দেওয়া হবে।
শুক্রবার দুপুর ২টা থেকে বন্দরের ডলফিন জেটিতে ডিজেল খালাস প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে বিপিসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আজ রাতেই ‘শান গ্যাং ফা জিয়ান’ নামে আরও একটি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে ভেড়ার কথা রয়েছে। এছাড়া আগামীকাল শনিবার এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) নিয়ে আরেকটি জাহাজ পৌঁছানোর শিডিউল রয়েছে।
জ্বালানি তেলের এই নতুন চালানগুলো দেশে পৌঁছানোর ফলে বর্তমান সরবরাহ সংকট অনেকটা লাঘব হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরাপদ ও দ্রুত খালাস নিশ্চিত করতে বন্দরে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন