পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, এ বৈশ্বিক সংকট সম্পর্কে মানুষ অনেক সময় ক্ষতিগ্রস্ত হওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ সচেতন হয় না, তাই এখনই সচেতনতা বৃদ্ধি এবং তা প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়া জরুরি।
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী সবুজ জ্বালানি ওলিম্পিয়াড ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী উল্লেখ করেন, পরিবেশগত সংকট স্বল্পমেয়াদি কোনো সমস্যা নয়; এর প্রভাব দীর্ঘস্থায়ী এবং সুদূরপ্রসারী। এ পরিস্থিতি মোকাবিলায় মানুষের সচেতনতা বৃদ্ধি এবং আচরণগত পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি টেকসই জীবনধারা গড়ে তোলা, দায়িত্বশীল নগরায়ণ এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের মধ্যে বাস্তবমুখী জ্ঞান তৈরির ওপর জোর দেন।
এছাড়া বৈশ্বিক জ্বালানি সংকট ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পরিবেশ ও অর্থনীতিতে পড়ছে বলে উল্লেখ করে তিনি শিক্ষা ও গবেষণাকে পরিবেশ, রাজনীতি ও অর্থনীতির সঙ্গে সমন্বয় করার আহ্বান জানান।
তিনি এ ধরনের উদ্যোগকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে অভিহিত করেন এবং আয়োজকদের প্রশংসা করেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন