আইনমন্ত্রী

জিয়া পরিবারের মতো মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়নি কেউ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০১:৩১ পিএম
জিয়া পরিবারের মতো মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়নি কেউ

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ১৯৭১ সালের পর বাংলাদেশের ইতিহাসে জিয়া পরিবারের মতো এত বড় পরিসরে মানবাধিকার লঙ্ঘনের শিকার আর কেউ হয়নি। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক ১৭ বছরে অনেকেই ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে মানবাধিকার লঙ্ঘনের তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, যা তাদেরকে এ বিষয়টির বাস্তবতা গভীরভাবে উপলব্ধি করতে বাধ্য করেছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে মানবাধিকার বিল ২০২৬ উপস্থাপনের সময় তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আইনমন্ত্রী বলেন, সরকারের বয়স ৪২ দিন, চাইলে প্রতিহিংসার রাজনীতি করতে পারতো। কিন্তু গত ৪২ দিনে দেশে একটি মানুষও ক্রসফায়ারের শিকার হয়নি, একটি মানুষও গুমের শিকার হয়নি। চাইল্ডহুড সোজ দ্য ম্যান, মর্নিং সোজ দ্য ডে। আমরা মানবাধিকারের পথ ধরে হেঁটে যাচ্ছি।

তিনি দাবি করেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জিয়া পরিবার। পাশাপাশি তিনি বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রীও মানবাধিকার লঙ্ঘনের কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। সরকার এ বিষয়ে কোনো ধরনের আপস করবে না বলেও তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

এম জি