তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, সরকার ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার কারার পরিকল্পনা করছে। এ বিষয়ে খুব শিগগিরই গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসা হবে বলেও তিনি জানান।
বৃহস্পতিবার রাজধানীর ইআরএফ কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, সরকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তবে তিনি সতর্ক করে বলেন, স্বাধীনতার সঠিক চর্চা ও নৈরাজ্যের মধ্যে পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি।
একই অনুষ্ঠানে বক্তব্য দেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, রাজনৈতিক সক্ষমতার সীমাবদ্ধতা এবং আমলাতন্ত্রকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কার্যক্রমে প্রত্যাশিত সাফল্য পায়নি।
তার মতে, অন্তর্বর্তীকালীন সরকার বৈধ হলেও নির্বাচিত না হওয়ায় তাদের কার্যকারিতা কিছুটা সীমিত ছিল। তবে বর্তমান নির্বাচিত সরকার আমলাতন্ত্র মোকাবিলায় তুলনামূলকভাবে বেশি সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ক্ষেত্রে তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শক্তিশালী নজরদারির ওপর জোর দেন।
সংস্কারকে একটি অব্যাহত প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতিকে গতিশীল রাখতে ধারাবাহিকভাবে সংস্কার চালিয়ে যাওয়া জরুরি। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের শেষ ছয় মাসে সংস্কার কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছিল।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন