কোন পাম্পে জ্বালানি তেল আছে তা জানতে এবং পাম্পে ভিড় কমানো ও জ্বালানি বিতরণে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করেছে সরকার।
আপাতত রাজধানী ঢাকার দুটি পেট্রোল পাম্পে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার করে জ্বালানি তেল বিক্রি শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে সীমিত পরিসরে চালু হলেও ধীরে ধীরে এটি বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত জ্বালানি পরিস্থিতি বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।
তিনি জানান, রাজধানীর আসাদগেট এলাকার সোনার বাংলা ফিলিং স্টেশন এবং তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে আপাতত এই কার্যক্রম চালু করা হয়েছে।
মনির হোসেন চৌধুরী বলেন, অ্যাপটি চালুর পর থেকেই ব্যবহারকারীদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে প্রায় ১০ হাজারের বেশি মানুষ এতে নিবন্ধন করেছেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের জন্য এই সেবা চালু করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হলেও পর্যায়ক্রমে ঢাকার সব পেট্রোল পাম্পকে এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
এছাড়া ভবিষ্যতে এই অ্যাপভিত্তিক জ্বালানি বিতরণ ব্যবস্থা সারা দেশে চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
বিশ্লেষকদের মতে, ডিজিটাল পদ্ধতিতে জ্বালানি সরবরাহ চালু হলে পাম্পে ভিড় কমবে, অনিয়ম ও অতিরিক্ত মূল্য আদায়ের প্রবণতা হ্রাস পাবে এবং সামগ্রিকভাবে জ্বালানি খাতে স্বচ্ছতা বৃদ্ধি পাবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন