ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কমছে অভিবাসন খরচ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৪:৩১ পিএম
ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কমছে অভিবাসন খরচ

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও সচল হতে যাচ্ছে। এবার অভিবাসন ব্যয় কমিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে একমত হয়েছে উভয় দেশ।

বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন অংশ নেন। এ সময় আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের নবগঠিত সরকারকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশংসা করেন। একই সাথে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকের প্রধান সিদ্ধান্তসমূহ:

শ্রমবাজার পুনরায় চালু: মালয়েশিয়ার বিভিন্ন খাতের চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।

শূন্য অভিবাসন ব্যয়: আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নীতি অনুযায়ী কর্মীর খরচ নিয়োগকর্তাই বহন করবেন- এই নীতি অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে। এর ফলে অভিবাসন ব্যয় শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রযুক্তি-নির্ভর নিয়োগ: দালালের দৌরাত্ম্য এবং সিন্ডিকেট প্রথা বন্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালু করবে মালয়েশিয়া সরকার। বাংলাদেশ এই উদ্যোগকে পূর্ণ সমর্থন জানিয়েছে।

আটকে পড়া কর্মীদের সুযোগ: যারা আগে ভিসা পেয়েও যেতে পারেননি, তাদের নিয়োগ প্রক্রিয়া সহজ করার বিষয়ে বিশেষ আলোচনা হয়েছে।

বৈঠকে শ্রমিকদের অধিকার সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও উভয় পক্ষ ঐকমত্য পোষণ করে। এই সফরের মাধ্যমে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা শ্রমবাজার ইস্যুতে এক বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে, যা প্রকৃত কর্মীদের জন্য কম খরচে বিদেশ যাওয়ার পথ সুগম করবে।

জেএইচআর