শেরপুর-৩ ও বগুড়া-৬ সংসদীয় আসনে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমানে ভোট গণনা চলছে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন জয় করলেও পরে এটি ছেড়ে দেন। বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে এইবারের উপনির্বাচনে ধানের শীষে বিএনপির প্রার্থী রেজাউল করিম (বাদশা), জামায়াতের আবিদুর রহমান (সোহেল) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে ভোট স্থগিত হয়েছিল। পরে তাঁর ছোট ভাই মাসুদুর রহমান প্রার্থী হন। বিএনপির প্রার্থী এই আসনে মাহমুদুল হক (রুবেল)। এছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মিজানুর রহমান কাঁচি অংশগ্রহণ করছেন।
নির্বাচন কমিশন ও স্থানীয় সূত্র জানিয়েছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল থেকে কিছুটা কম ভোটার উপস্থিতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বেড়ে যায়। ভোট কেন্দ্রের নিরাপত্তায় পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত ছিল।
উল্লেখ্য, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মাসুদুর রহমান ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন