দুপুরে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ১০:১৮ এএম
দুপুরে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দুই সংসদ সদস্য আজ শপথ নিতে যাচ্ছেন। রোববার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করাবেন হাফিজ উদ্দিন আহমদ।

জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, শপথ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত এমপিরা নিয়ম অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

নবনির্বাচিত দুই সদস্য হলেন- শেরপুর-৩ আসন থেকে নির্বাচিত মো. মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিজয়ী মো. রেজাউল করিম বাদশা। এর আগে, ওই আসনটি শূন্য ঘোষণা করা হয় তারেক রহমান আসন ছেড়ে দেওয়ার পর।

গত ১০ এপ্রিল নির্বাচন কমিশনের গেজেটে শেরপুর-৩ এর সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ এর উপ-নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। গেজেটটি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী জারি করা হয়।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনের নির্বাচন পূর্বে এক প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হয়েছিল। পরে নতুন তফসিল অনুযায়ী ৯ এপ্রিল সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই দিনে বগুড়া-৬ আসনেও উপ-নির্বাচন সম্পন্ন হয়।

এএন