হামের প্রাদুর্ভাব রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।
রোববার রাজধানীর কড়াইল বস্তির এরশাদ মাঠে অনুষ্ঠিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে দেশের ১৮টি জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলা চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকেই বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে বড় সিটি কর্পোরেশনগুলোতে এই কার্যক্রম বিস্তৃত করা হচ্ছে এবং আগামী ২০ তারিখ থেকে সারা দেশে একযোগে হাম টিকাদান কর্মসূচি শুরু হবে।
তিনি বলেন, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এই টিকার আওতায় আনা জরুরি। হাম দ্রুত ছড়ালেও টিকার মাধ্যমে এটি সহজেই প্রতিরোধ করা সম্ভব। তিনি “হার্ড ইমিউনিটি” ধারণার কথা তুলে ধরে বলেন, একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর অধিকাংশ শিশু টিকার আওতায় এলে পুরো এলাকা সুরক্ষিত থাকে এবং রোগ ছড়ানোর ঝুঁকি কমে যায়।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, নগরবাসীর জন্য একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মহাখালীর বিদ্যমান স্থাপনাটি আরও কার্যকরভাবে ব্যবহার করে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন