বর্তমানে দেশে মোট ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা তথ্য পদ্ধতিতে (এমআইএস) সংরক্ষিত সমন্বিত তালিকার ভিত্তিতে তিনি এ তথ্য তুলে ধরেন।
বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য এএম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, কোনো গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ‘অমুক্তিযোদ্ধা’ হিসেবে অভিযোগ উঠলে তা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর উপকমিটি তদন্ত ও শুনানির মাধ্যমে যাচাই-বাছাই করে। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়।
তিনি আরও জানান, আপাতত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির বিষয়টি সরকারের বিবেচনায় নেই। তবে মুক্তিযোদ্ধাদের জন্য চালু থাকা বিভিন্ন ভাতার বিষয় তুলে ধরেন তিনি।
মন্ত্রী বলেন, ২০২৪ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত অমুক্তিযোদ্ধা সংক্রান্ত ৮৪২টি অভিযোগ জামুকায় পাঠানো হয়েছে। এসব অভিযোগ তদন্ত ও যাচাই-বাছাই শেষে ৪৮১ জনের গেজেট, লালমুক্তিবার্তা বা ভারতীয় তালিকা বাতিল করা হয়েছে।
এছাড়া, জামুকা প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ১০৩টি সভার মাধ্যমে মোট ৬ হাজার ৪৬৫ জনের গেজেট বাতিলের সুপারিশ করা হয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন