তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার।
শনিবার তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে তিনি বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধি এবং শিক্ষা খাতের বিশেষজ্ঞদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেবেন।
ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, বিশেষ দূত হার্ডার তাঁর এই সফরে শিশুদের কল্যাণে বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করবেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে শিশুদের টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ ও অধিকার রক্ষা বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োজিত রয়েছেন।
বিশ্বজুড়ে শিশুদের সুরক্ষা, খাদ্য নিরাপত্তা, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি শিশু পাচার ও সহিংসতা প্রতিরোধে তিনি প্রভাবশালী কূটনীতিক হিসেবে পরিচিত।
পেশাগত জীবনে চার্লস জে হার্ডার দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আইন পেশায় যুক্ত আছেন। বিশেষ করে ব্যবসা, গণমাধ্যম ও সাংবিধানিক আইনে বিশেষজ্ঞ হিসেবে তাঁর আন্তর্জাতিক খ্যাতি রয়েছে।
বাংলাদেশে তাঁর এই সফর শিশুদের অধিকার রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করার লক্ষ্যে দুই দেশের পারস্পরিক সহযোগিতাকে আরও বেগবান করবে বলে ধারণা করা হচ্ছে। সফরের নির্ধারিত কর্মসূচি শেষে তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন