দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১২:৫২ পিএম
দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের প্রধান চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক-এর পক্ষে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাগর এলাকায় আবহাওয়ার পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এ কারণে চারটি বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত (পুনঃ ৩ নম্বর) দেখাতে বলা হয়েছে।

এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে রাজধানী ঢাকা-সহ দেশের ১৩টি জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথাও জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কিছু অঞ্চলে ঝড়ের তীব্রতা বেশি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও যশোরসহ আরও কয়েকটি অঞ্চলে তুলনামূলক কম গতির দমকা হাওয়া বইতে পারে। এসব এলাকার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৈশাখের এই সময়ে স্বল্প সময়ের মধ্যে হঠাৎ করেই শক্তিশালী ঝড় সৃষ্টি হতে পারে। তাই নদীপথ ও উপকূলীয় এলাকায় চলাচলকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এএন