ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলমগীর হোসেন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ১২:৫৩ পিএম
ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলমগীর হোসেন

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আলমগীর হোসেনকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি উপ-সচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মো. আলমগীর হোসেনকে বদলিপূর্বক প্রেষণে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে এবং রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

নতুন মহাপরিচালক হিসেবে তিনি দায়িত্ব নিচ্ছেন মেজর জেনারেল মো. শামীম হায়দারের স্থলাভিষিক্ত হয়ে। শামীম হায়দার ২০২৪ সালের ২২ অক্টোবর থেকে এ পদে কর্মরত ছিলেন।

ঔষধ প্রশাসন অধিদপ্তর দেশের ওষুধ খাতের লাইসেন্সিং ও নিয়ন্ত্রণকারী প্রধান প্রতিষ্ঠান। সংস্থাটি বিদ্যমান ঔষধ আইন, নীতি এবং সরকারি নির্দেশনা অনুযায়ী ওষুধ সংক্রান্ত সব কার্যক্রম পরিচালনা করে থাকে। এর প্রধান কার্যালয় ঢাকার মহাখালীর ঔষধ ভবনে অবস্থিত।

অধিদপ্তরের কার্যক্রম দেশজুড়ে বিস্তৃত। জেলা ও বিভাগীয় পর্যায়ে এর বিভিন্ন কার্যালয় রয়েছে। এছাড়া মহাখালীতে ন্যাশনাল ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরি এবং চট্টগ্রামে সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি ছাড়াও বরিশাল ও রাজশাহীতে আরও দুটি ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি পরিচালিত হচ্ছে।

এম জি