রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার টিটনের বড় ভাই খন্দকার সাইদ আক্তার রিপন বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-৯ জনকে আসামি করে নিউমার্কেট থানায় এই মামলা করেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বসিলা গরুর হাটের ইজারা নিয়ে আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে টিটনের দীর্ঘদিনের বিরোধ চলছিল। তবে এই হত্যাকাণ্ডে টিটনের ভগ্নিপতি ও অন্য এক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সংশ্লিষ্টতার বিষয়টি পরিবারের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। উল্লেখ্য, ২০০১ সালে সরকারের ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় টিটনের নাম ছিল দ্বিতীয় স্থানে।
পুলিশ জানায়, দীর্ঘ সময় কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিলেন টিটন। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে তিনি নিহত হন। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা না থাকায় ঘাতকদের শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে। তবে অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
নিহত নঈম আহমেদ টিটনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০১৪ সালের চাঞ্চল্যকর বাবর এলাহী হত্যাকাণ্ড অন্যতম। মূলত অপরাধ জগতের অভ্যন্তরীণ কোন্দল বা ইজারা কেন্দ্রিক বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন