‎বিমানের বিজনেস ক্লাসে চড়তে পারবেন না অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তারা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৯:৩৬ পিএম
‎বিমানের বিজনেস ক্লাসে চড়তে পারবেন না অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তারা

দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে ব্যয় কমাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে সরকারের অতিরিক্ত সচিব ও সমমর্যাদার কর্মকর্তা এবং তাদের নিচের কোনো কর্মকর্তা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিমানের ‘বিজনেস ক্লাসে’ যাতায়াত করতে পারবেন না। খরচ কমাতে তাদের বাধ্যতামূলকভাবে ‘ইকোনমি ক্লাস’ বা সুলভ শ্রেণিতে ভ্রমণ করতে হবে।

‎​বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা শাখা-২ থেকে জারিকৃত অর্থবিভাগের উপসচিব র হ ম আলাওল কবিরের সই করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের আর্থিক ব্যয় সংকোচনের লক্ষ্যে অতিরিক্ত সচিব, সমমর্যাদার সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সব কর্মকর্তার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। আকাশপথে বিদেশ ভ্রমণের সময় তারা এখন থেকে বিজনেস, ক্লাব বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে সাধারণ ইকোনমি ক্লাসে ভ্রমণ করবেন।

‎​প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০১২ সালের জারিকৃত ‘সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণ ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা’ সংক্রান্ত অনুচ্ছেদ ২১(খ)-এ যাই থাকুক না কেন, সরকারের আর্থিক ব্যয় সংকোচনের জন্য সরকারের অতিরিক্ত সচিব/সমপর্যায়ভুক্ত সরকারি/স্বায়ত্তশাসিত/স্ব-শাসিত/সংবিধিবদ্ধ/রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সব কর্মকর্তাদের জন্য এই আদেশ বলবৎ হবে। শ্রমজীবীরাই দেশের প্রধান চালিকাশক্তি, প্রধানমন্ত্রীর এমন দর্শনের প্রেক্ষাপটে ব্যয় সাশ্রয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

‎​এই নির্দেশনাটি বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে অনুলিপি পাঠানো হয়েছে। এছাড়া হিসাব মহানিয়ন্ত্রক ও রাষ্ট্রপতির কার্যালয়কেও বিষয়টি অবহিত করা হয়েছে।

জেএইচআর