নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানিয়ে সংগঠনটি ধারাবাহিক প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার পরিকল্পনা নিয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক জানান, কর্মচারীদের দীর্ঘদিনের দাবি তুলে ধরতে মে মাসজুড়ে বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করা হবে। এর অংশ হিসেবে ৮ মে পটুয়াখালী ও ৯ মে খুলনায় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচির শেষ পর্ব হিসেবে ১৬ মে ঢাকার জাতীয় প্রেসক্লাবে কেন্দ্রীয় সমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দশকের বেশি সময়ে দুটি পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও এখনো একটি নতুন স্কেল বাস্তবায়ন হয়নি। এতে নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা বাড়তি দ্রব্যমূল্যের চাপে চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকেই মাস শেষে ঋণের বোঝা নিয়ে চলতে বাধ্য হচ্ছেন, এমনকি প্রাপ্ত বেতনে পুরো মাস নির্বাহ করাও সম্ভব হচ্ছে না।
সংগঠনটি সতর্ক করে বলেছে, নতুন অর্থবছরের বাজেটে পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ না থাকলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়তে পারে। তাই ২২ লাখ সরকারি কর্মচারীর পরিবারের আর্থিক স্বস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন