বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর বিন আবিয়াহ।
সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে স্পিকার উল্লেখ করেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক দীর্ঘদিনের এবং অত্যন্ত ভ্রাতৃত্বপূর্ণ। প্রতিবছর বিপুল সংখ্যক বাংলাদেশি মুসল্লি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যান, যা দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধনকে আরও দৃঢ় করে।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে স্পিকার রাষ্ট্রদূতকে জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, পূর্ববর্তী আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে জনগণের গণতান্ত্রিক অধিকার বারবার বাধাগ্রস্ত হয়েছে।
আলোচনায় দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের ভূমিকা নিয়েও মতবিনিময় হয়। রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি-কে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান স্পিকার।
সাক্ষাৎকালে সৌদি দূতাবাসের প্রতিনিধিদল এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন