বাংলাদেশ পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিতে জার্মানির সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশ ও জার্মানির মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জার্মানি বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ। নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, তৈরি পোশাক শিল্প এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশটি দীর্ঘদিন ধরে সহযোগিতা দিয়ে আসছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীকে আরও দক্ষ ও আধুনিক করে তুলতে প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তায় জার্মানির সহযোগিতা প্রয়োজন।
জবাবে জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও উচ্চপর্যায়ে পৌঁছাবে।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রীকে অভিনন্দন জানান।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন, বহিরাগমন-৩ শাখার উপসচিব মোহাম্মদ আবুল কালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন