দেশে বর্তমানে জরাজীর্ণ ও দায়বদ্ধহীন সাংবাদিকতা চলছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা সাংবাদিকতায় এলে এ দৈন্যদশা থাকত না।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের ‘মিলনমেলা যোগাযোগ’ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী শেখ রবিউল আলম বলেন, একজন রাজনীতিবিদ হিসেবে তিনি যে সাংবাদিকতা দেখছেন, তাতে দেশে বর্তমানে জরাজীর্ণ ও দায়বদ্ধহীন সাংবাদিকতা চলছে। তবে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা যদি পেশাটিতে আসতেন, তাহলে সাংবাদিকতার এ দৈন্যদশা থাকত না।
তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রতি সাংবাদিকদের দায়বদ্ধতা রয়েছে। মত প্রকাশের স্বাধীনতা সীমাহীন নয় উল্লেখ করে তিনি বলেন, সীমা কতটুকু-কাউকে না কাউকে তো তা নির্ধারণ করতে হবে।
অনুষ্ঠানের শেষাংশে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন