স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে কাঁটাতারের বেড়া ভারতের অভ্যন্তরীণ বিষয়

আমার সংবাদ ধর্ম ডেস্ক প্রকাশিত: মে ১১, ২০২৬, ১১:২৭ পিএম
সীমান্তে কাঁটাতারের বেড়া ভারতের অভ্যন্তরীণ বিষয়

সীমান্তে কাঁটাতারের সীমানা নির্ধারণ করতে চাইলে সেটি ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সীমান্তে অনুপ্রবেশ রোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে লবণ চাষিদের জীবনমান উন্নয়নসংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কৃষি মন্ত্রণালয় বর্তমানে লবণ চাষিদের উৎপাদন খরচ পর্যালোচনা করছে, যাতে তারা তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য পান। দেশে শিল্প ও ভোজ্য লবণের চাহিদা নিরূপণ করে আমদানির যৌক্তিকতাও যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, যথাযথ তথ্য-উপাত্ত সংগ্রহের পর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে দেশ লবণ উৎপাদনে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং চাষিরা ক্ষতিগ্রস্ত না হন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। কোনো নির্দিষ্ট অঙ্গরাজ্যের রাজনৈতিক পটপরিবর্তন বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলে না।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অনুপ্রবেশ রোধ এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিজিবি সর্বদা সজাগ রয়েছে।

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে পুরোনো ও বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এখন পর্যন্ত এ ধরনের কোনো পরিস্থিতির সত্যতা বা এর নেতিবাচক প্রভাব বাংলাদেশে পড়ার মতো তথ্য স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই।

তিনি জনগণকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

এম জি