পানিসম্পদ মন্ত্রী

পদ্মা ব্যারেজ নিয়ে ভারতের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৩:৫৫ পিএম
পদ্মা ব্যারেজ নিয়ে ভারতের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, পদ্মা ব্যারেজ বাংলাদেশের স্বার্থের বিষয়, এ নিয়ে ভারতের সঙ্গে আলাদা কোনো আলোচনার প্রয়োজন নেই। তবে গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা চলমান রয়েছে।

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের মোট আয়তনের প্রায় এক-তৃতীয়াংশ, অর্থাৎ ২৪টি জেলার প্রায় সাত কোটি মানুষ উপকৃত হবে। পাঁচ বছরে প্রতি বছর প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয়ে মোট আনুমানিক ৩৪ হাজার ৪৯৪ কোটি টাকায় প্রকল্পটি দেশীয় অর্থায়নে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, প্রকল্পের প্রাথমিক পরিকল্পনায় খাল খননের মাধ্যমে পানি সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি পানি সংরক্ষণের জন্য কারিগরি বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। গঙ্গা চুক্তি বাস্তবায়নে একটি কারিগরি দল কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

ফারাক্কা ব্যারেজের কারণে সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে রাজবাড়ী এলাকায় ব্যারেজের অংশে পানি সংরক্ষণের পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, ৫৪টি নদীর হিস্যা এখানে আলাদা কোনো বিষয় নয়।

এম জি