নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হওয়ার ঘটনায় করুণ মৃত্যু হয়েছে তিন ভাইবোনের। এর আগে এই পরিবারের গৃহকর্তা মারা যান। বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন শিশুদের মা সালমা আক্তার।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে ১২ বছর বয়সী মুন্না এবং দুপুরে ৭ বছরের মুন্নি মারা যায়। এর আগে বুধবার তাদের চার বছর বয়সী বোন কথা এবং গত সোমবার বাবা আবুল কালাম (৩৫) মৃত্যুবরণ করেন।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মুন্নার শরীরের ৪০ শতাংশ এবং মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের মা সালমা আক্তারের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। তার শারীরিক অবস্থাও অত্যন্ত সংকটাপন্ন।
গত রোববার (১০ মে) সকালে ফতুল্লার গিরিধারা এলাকায় একটি বহুতল ভবনের পাশের বাসায় এই বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা জানান, বিকট শব্দের পর ঘরে আগুন ধরে যায়। দগ্ধ অবস্থায় সবজি বিক্রেতা আবুল কালামের পুরো পরিবারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, জমে থাকা গ্যাস থেকে এই ভয়াবহ বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন