অবসরে গেলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০২:২২ এএম
অবসরে গেলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার

সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসরে গেছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

বৃহস্পতিবার ১৪ মে ছিল তার শেষ কর্মদিবস।

এদিন রাতে তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

সরকারের পক্ষ থেকে এখনো নতুন পুলিশ কমিশনার নিয়োগ না দেওয়ায় জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে আপাতত ঢাকা মহানগর পুলিশের কার্যক্রম পরিচালনা করবেন এস এন নজরুল ইসলাম।

গত ২৬ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মো. সরওয়ারকে ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছিল।

এর আগে ২০২৪ সালের ২১ নভেম্বর অন্তর্বর্তী সরকার শেখ মো. সাজ্জাত আলীকে ঢাকা মহানগর পুলিশের ৩৮তম কমিশনার হিসেবে নিয়োগ দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনী পুনর্গঠনের অংশ হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।

তবে গত ২৫ ফেব্রুয়ারি পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন শেখ মো. সাজ্জাত আলী। ওইদিন দুপুরে তিনি নিজের অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদর দপ্তরে পাঠান। পরে মো. সরওয়ারকে ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এম জি