তথ্যমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে মূলধারায় আনতে কোটা প্রয়োজন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০২৬, ১১:৪৯ পিএম
ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে মূলধারায় আনতে কোটা প্রয়োজন

ভৌগোলিক ও সংখ্যাগত কারণে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর রাষ্ট্রের সব পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে সরকারি চাকরিতে কোটা থাকা প্রয়োজন। এ ধরনের কোটা ব্যবস্থা মেধাভিত্তিক প্রতিযোগিতার সঙ্গে কোনো সংঘাত সৃষ্টি করে না বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিজু, বৈসুক, সাংগ্রাই, বিষু ও চাংক্রান উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম কল্যাণ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

জহির উদ্দিন স্বপন বলেন, যারা ভৌগোলিক ও সংখ্যাগত কারণে পিছিয়ে, রাষ্ট্রের সব জায়গায় তাদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে। দেশের প্রতিটি ক্ষুদ্র জাতিসত্তা, ধর্মীয় ও ভাষাগত বৈচিত্র্যকে যারা বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, তারা দেশদ্রোহী।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান বলেন, পর্যটন ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের উদ্যোগে আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে পার্বত্য অঞ্চলের উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন সংশ্লিষ্টরা। পরে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়।

এম জি