পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনের সংস্কার ও গাছের শাখা-প্রশাখা অপসারণের কাজ শুরু করেছে বিদ্যুৎ বিভাগ। এর অংশ হিসেবে আজ শনিবার কয়েকটি এলাকায় টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বনপাড়া গ্রিড উপকেন্দ্রে নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ কাজের কারণে বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।
এ সময় বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাভুক্ত বনপাড়া পৌরসভার কিছু অংশ এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকা বিদ্যুৎবিহীন থাকবে।
অন্যদিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, ঈদ উপলক্ষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এজন্য শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে।
নেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, বনগ্রাম ফিডারের আওতায় থাকা হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে। একই সঙ্গে সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন