নিজস্ব সংস্কৃতি ও পরিচয় অক্ষুণ্ন রেখে দেশের সব জাতিগোষ্ঠীকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন করা হবে।
শনিবার সিরাজগঞ্জ পৌর এলাকার মুক্তির সোপানে আয়োজিত ‘বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার ভেতরে বসবাসকারী সবাই একই জাতিগোষ্ঠীর নয়। সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী বাঙালি হলেও দেশে সাঁওতাল, ওরাওঁ, ভূমিজ, মুরাও, হাজং, চাকমা, মারমাসহ নানা জাতিসত্তার মানুষ রয়েছে। স্বাধীনতার পর সবাইকে এক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করার প্রবণতা থেকেই পার্বত্য অঞ্চলে অস্থিরতা তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা সামনে এনেছিলেন। তার মতে, এ দেশের সব নাগরিকই বাংলাদেশি এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর সহাবস্থানই বাংলাদেশের বৈচিত্র্যের সৌন্দর্য।
তিনি আরও বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের উন্নয়নে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। জিয়াউর রহমান যে বহুমাত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই পথ ধরেই তারেক রহমান কাজ করছেন বলে উল্লেখ করেন তিনি।
শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বর্তমানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক তরুণ-তরুণী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সভাপতি সিপন চন্দ্র সিং সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে দেশের পাহাড়ি ও সমতলের বিভিন্ন অঞ্চলের প্রায় ৪০ জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষ অংশ নেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন