শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বড় বোনের পড়াশোনা ও ভবিষ্যৎ জীবনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার রাতে পল্লবীতে রামিসার বাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বর্তমানে আদালতের অনুমতি নিয়ে সিআইডির ল্যাবে ডিএনএ পরীক্ষা চলছে। নিয়ম অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে এ প্রক্রিয়া শেষ হবে। সবকিছু ঠিক থাকলে রোববার বিকেলের মধ্যেই আদালতে চার্জশিট দাখিল করা হবে।
তিনি বলেন, সরকার ও প্রসিকিউশন দ্রুত বিচার সম্পন্ন করে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে কাজ করছে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার মা-বাবা ও বড় বোনের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা দিয়েছেন। পাশাপাশি রামিসার বড় বোনের পড়াশোনা ও প্রয়োজনীয় ব্যয়ের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন। পরিবারটির জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিশু ধর্ষণ ও হত্যার মতো ঘৃণ্য অপরাধের বিচার আরও দ্রুত করতে প্রয়োজন হলে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন