কর্মস্থলে অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা এবং দেরিতে অফিসে উপস্থিত হওয়ার অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মোট ১৬ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ জনকে স্ট্যান্ড রিলিজ এবং ৩ জনকে অন্য দপ্তরে বদলি করা হয়েছে।
শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সম্প্রতি বরিশাল ও ঢাকার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনের সময় তিনি দেখতে পান, কয়েকজন কর্মকর্তা-কর্মচারী যথাযথ অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং কেউ কেউ নির্ধারিত সময়ের অনেক পরে অফিসে আসেন।
এই অনিয়মের পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএর বরিশাল কার্যালয়ের ড্রেজিং শাখার ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালনা শাখার ২ জন, বন্দর ও পরিবহন শাখার ১ জন এবং হিসাব বিভাগে কর্মরত ১ জনসহ মোট ১৩ জনকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ করা হয়। একই অভিযানে দায়িত্বে অবহেলার অভিযোগে বিআইডব্লিউটিসির আরও ৩ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়।
সরকারি দপ্তরে শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ঘাটতিতে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এছাড়া তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। ভবিষ্যতে সেবার মান, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন