আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে আসন্ন বিশ্বকাপে দলটির সাফল্যও কামনা করেছেন তিনি।
শনিবার দুপুরে যশোরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, যখন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মিস্টার মার্সেলো এখানে কথা বলতে আসেন, তখন দেখলাম প্রত্যেকেই হাততালি দিচ্ছেন। আর এটাই প্রমাণ করে যে, আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল। আসন্ন বিশ্বকাপে আমরা তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।
ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে স্পিকার বলেন, ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে হবে। বিগত ২০ বছর ক্রীড়াঙ্গন ছিল রাজনীতির দখলে। আগে ক্রীড়াঙ্গনে কিছু দেওয়ার জন্য ক্রীড়ামোদিরা আসতেন, আর এখন আসেন নিতে। বাংলাদেশে ক্রীড়ামোদীদের সংখ্যা কমে যাচ্ছে। ক্রীড়ামোদিদের জায়গা রাজনীতি ও ব্যবসায়ীরা দখল করেছে। এই ধারা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত।
যশোরের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়ে তিনি বলেন, এখানে এসে ছোট বাচ্চাদের দেখে আমি আমার তারুণ্যের দিনগুলিতে ফিরে গেছি। আমার সবচেয়ে প্রিয় শহর যশোর। আমি যশোর সেনানিবাসে যুদ্ধ করেছিলাম। শুরুতে যশোরে আড়াই বছর চাকরি করেছি। শামসুল হুদার নামে স্টেডিয়াম ও একাডেমি হওয়ায় আমি অত্যন্ত খুশি, বাংলাদেশে এমন নজির নেই। নাসের জাহেদীর মতো এমন ১০ জন ক্রীড়ামোদি থাকলে আমরা এতদিনে বিশ্বকাপের কাছাকাছি থাকতাম। পাকিস্তান এবং আর্জেন্টিনার অতিথিরা এখানে আসায় তাঁদের ধন্যবাদ জানাই। আশা করি, যশোরের পাশাপাশি বাংলাদেশের ফুটবলের মান উন্নত হবে এবং বাংলাদেশ এশিয়ার ফুটবল ম্যাপে আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে জানান, দেশের গ্রাসরুট ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আর্জেন্টিনা থেকে কোচ আনার এবং এখান থেকে ভালো খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের জন্য আর্জেন্টিনায় পাঠানোর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস সি সিসিলিয়া একাডেমির সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন। শিশুদের অংশগ্রহণ ও আগ্রহ দেখে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এখান থেকেই উঠে আসবে বাংলাদেশের আগামী দিনের ফুটবল তারকারা। তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার ও ভবিষ্যৎ ফুটবল তারকা গড়ে তোলার লক্ষ্যেই এই ব্যতিক্রমী মেলার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন