ঈদ আনন্দে বাধা হতে পারে ভারী বর্ষণ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৮:০০ এএম
ঈদ আনন্দে বাধা হতে পারে ভারী বর্ষণ

পবিত্র ঈদুল আজহার আনন্দ উদযাপনে বাগড়া দিতে পারে বৃষ্টি। আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে ঈদ উদযাপিত হবে। তবে আনন্দের এই দিনে দেশের ৫টি বিভাগের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে।

রোববার সন্ধ্যায় দেওয়া আগামী ৫ দিনের আবহাওয়ার বিশেষ বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঈদের আগের দিন অর্থাৎ বুধবার (২৭ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দেশের একটি বড় অংশে আবহাওয়ার পরিবর্তন ঘটবে।

ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি: এই ৫ বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

ঈদের আগের দিনগুলোর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

ঝড়-বৃষ্টির এই পূর্বাভাসের মাঝেই দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ফলে ভ্যাপসা গরম ও অস্বস্তি এখনই কাটছে না।

এই অঞ্চলগুলোতে দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে, তবে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তাই ঈদের কেনাকাটা ও কোরবানির প্রস্তুতি নেওয়ার সময় আবহাওয়া মাথায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

এএন