কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির আসল মাহাত্ম্য ও তাৎপর্য।
বুধবার সন্ধ্যায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই মন্তব্য করেন।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে আমাদের মাঝে আবারও হাজির হয়েছে পবিত্র ঈদুল আজহা। দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক।
তিনি আরও উল্লেখ করেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজের অহংকারকে সমর্পণ করার এই উৎসব সবাইকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে এবং সত্য ও সুন্দরের পথে ধাবিত করবে এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা।
সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যাদের আল্লাহ এ বছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন, তারা যেন পশু কোরবানি দিতে না পারা প্রতিবেশীদের সঙ্গে মাংস ভাগাভাগি করে নেন। এটিও কোরবানির অন্যতম সামাজিক শিক্ষা।
একই সঙ্গে কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করা এবং পশুর রক্ত ও বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। উৎসবের দিনেই চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
ভিডিও বার্তার শেষ অংশে প্রধানমন্ত্রী মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা, সম্প্রীতি ও স্থিতিশীলতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন