ধর্মীয় ভাবগাম্ভীর্য, ত্যাগ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলমানরা সকালের ঈদের নামাজ শেষে পশু কোরবানি করছেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া বিএনপি, জামায়াতে ইসলামীসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করছেন। জাতীয় ঈদগাহসহ দেশজুড়ে সব প্রধান ঈদগাহ ও মসজিদে ঈদ জামাতকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঈদুল আজহার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরবসহ বিশ্বের বহু দেশে আজ একযোগে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। হাজিগণ মিনায় পশু কোরবানি ও জামারাতে পাথর নিক্ষেপসহ হজের চূড়ান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।
নির্বাহী আদেশে ঘোষিত অতিরিক্ত ছুটি মিলিয়ে এবার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করছে দেশবাসী। এই দীর্ঘ ছুটির কারণে ঈদযাত্রা ছিল তুলনামূলক স্বস্তিদায়ক।
ঈদ উপলক্ষে সরকারি-বেসরকারি ভবনগুলোতে আকর্ষণীয় আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এ ছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনগুলোতে আজ উন্নত মানের বিশেষ খাবার পরিবেশন করা হচ্ছে।
সংবাদমাধ্যমে ২৭ থেকে ৩১ মে পর্যন্ত পাঁচ দিনের ছুটি চলায় এ সময়ে কোনো ছাপা সংবাদপত্র প্রকাশিত হবে না। তবে ছুটির মধ্যেও হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি, গ্যাস ও ইন্টারনেটের মতো সব ধরনের জরুরি সেবা ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। ঈদযাত্রা ও পরবর্তী সময়ে যেকোনো ধরনের যাত্রী হয়রানি ও ভোগান্তি রোধে তৎপর রয়েছে প্রশাসন।
তথ্যসূত্র: বাসস
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন