রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন পেশের সময় আরও তিন দিন বাড়ানো হয়েছে। আগামী ৩ জুন (বুধবার) এই পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার সকালে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজই প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্তের স্বার্থে তা পেছানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, "আজকে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া সম্ভব হচ্ছে না। সন্তানহারা মায়েদের জবানবন্দি ও বক্তব্য এখনো পুরোপুরি রেকর্ড করা যায়নি। কোনো তাড়াহুড়ো না করে, ভুক্তভোগী মায়েদের বক্তব্য অন্তর্ভুক্ত করেই একটি নিখুঁত ও পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করতে কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে।"
প্রাথমিক অনুসন্ধানের একটি ভয়াবহ তথ্য সামনে এনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "তদন্তে জানা গেছে, ঘটনার রাতে (রাত ২টা থেকে ৪টা পর্যন্ত) হাসপাতালের এসি টানা দুই ঘণ্টা বন্ধ ছিল। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ওই সময় বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থাও রাখা হয়নি।"
এই গাফিলতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে তিনি স্পষ্ট করে বলেন, "তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অবহেলার প্রমাণ মিললে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।"
উল্লেখ্য, গত বুধবার (২৭ মে) রাতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পাওয়ার জন্য স্বজনরা আবেদন করলে যথাযথ প্রক্রিয়া শেষে ছয় নবজাতকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই মর্মান্তিক ঘটনায় ইতিমধ্যেই রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে এক নবজাতকের পরিবার। পুরো দেশের নজর এখন আগামী ৩ জুনের চূড়ান্ত প্রতিবেদনের দিকে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন