বৈশ্বিক বাজারের সঙ্গে সমন্বয় রাখতেই দেশীয় বাজারে জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, উপায় না পেয়ে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সোমবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারের বর্তমান পরিস্থিতির কারণে বাধ্য হয়েই সরকারকে এই কঠিন ও অপ্রিয় সিদ্ধান্তটি নিতে হয়েছে। তবে এই মূল্যবৃদ্ধির কারণে আসন্ন জাতীয় বাজেটে নেতিবাচক কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই বলেও তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।
মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক ও সামরিক সংকট খুব দ্রুতই কেটে যাবে বলে আশা প্রকাশ করেন অনিন্দ্য ইসলাম অমিত। একই সাথে তিনি প্রতিশ্রুতি দেন, আন্তর্জাতিক বাজারে যখনই তেলের দাম কমতে শুরু করবে, তার সাথে মিলিয়ে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম কমিয়ে আনা হবে।
সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও জনকল্যাণমূলক খাতগুলোর খরচ সচল রাখতেই বিশ্ববাজারের সাথে এই মূল্য সমন্বয় জরুরি ছিল বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও স্পষ্ট করেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে সরকার এখন বিভিন্ন খাত থেকে পর্যায়ক্রমে ভর্তুকির চাপ কমিয়ে আনার চেষ্টা করছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন