যে কারণে পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৩:৩২ পিএম
যে কারণে পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন, যা পরে গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজ যথাযথভাবে সম্পাদন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। তাই সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কাজের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোকে প্রয়োজনীয় বলে মনে করেন।

চিঠিতে তিনি আরও লিখেন, শারীরিক অবস্থার কারণে মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে যে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, তা বিবেচনায় নিয়ে তার পদত্যাগ গ্রহণের জন্য তিনি অনুরোধ জানান। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ওই পদত্যাগপত্রে “গৃহীত হলো” লিখে স্বাক্ষর ও তারিখ সংযোজন করা হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি পার্বত্য জেলা থেকে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন দীপেন দেওয়ান। এরপর ১৭ ফেব্রুয়ারি গঠিত নতুন মন্ত্রিসভায় তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

তবে দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক মাসের মধ্যেই শারীরিক অসুস্থতার কারণে তাকে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়াতে হলো বলে জানা গেছে।

এম জি