মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করছে।
সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দুধ উৎপাদনের পরিধি সম্প্রসারণের মাধ্যমে দেশের চাহিদা পূরণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে প্রাণিসম্পদ খাতের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য। বিশেষ করে খামার ব্যবস্থাপনায় নারীরা এগিয়ে এলে তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে সরকার প্রস্তুত রয়েছে।
আলোচনা সভায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা জানান, দেশে দুধ উৎপাদন বৃদ্ধি পেলেও চাহিদার তুলনায় এখনও ঘাটতি রয়েছে। খাতটির প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে সরবরাহ ব্যবস্থার দুর্বলতা, পশুখাদ্যের উচ্চ মূল্য, দুধ সংরক্ষণের সীমাবদ্ধতা এবং খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়া।
তাদের মতে, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, উন্নত শীতলীকরণ ব্যবস্থা গড়ে তোলা এবং বাজার ব্যবস্থাপনার উন্নয়ন ঘটানো গেলে দেশের দুগ্ধখাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব হবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন