রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের কেউই ছাড় পাবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী জানান, দেশের ৪৯২টি উপজেলার ৫০ শয্যার হাসপাতালগুলোকে ধাপে ধাপে ১০০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী বিভাগ এবং কুমিল্লায় মোট পাঁচটি শিশু হাসপাতাল স্থাপন করা হবে, যেগুলোতে আইসিইউ সুবিধাও থাকবে।
তিনি আরও বলেন, চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নারীদের জন্য ১০০০ শয্যার পাঁচটি পৃথক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের ৬ থেকে ১০টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ঘরে ঘরে গিয়ে নারী-পুরুষ সবার জন্য চিকিৎসাসেবা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে। সফল হলে এটি সারাদেশে সম্প্রসারণ করা হবে।
ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ভাইরাসের ধরন বা ভেরিয়েন্ট অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে। ডেঙ্গু ও হাম নিয়ন্ত্রণে নিয়মিত কাজ চলছে বলেও জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন, বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা বরাদ্দ রাখার নির্দেশনা থাকবে।
সবশেষে মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত করে সাধারণ মানুষের জন্য সেবা সহজ করতে সরকার কাজ করছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন