চিফ হুইপ

জনবান্ধব ও স্বস্তিদায়ক বাজেট দেবে সরকার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০১:৩৭ এএম
জনবান্ধব ও স্বস্তিদায়ক বাজেট দেবে সরকার

সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যেই সরকার একটি জনবান্ধব ও স্বস্তিদায়ক বাজেট উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

শনিবার রাতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং মো. আখতারুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।

চিফ হুইপ বলেন, জনকল্যাণকেন্দ্রিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার দায়িত্ব পালন করছে। সীমিত সম্পদের মধ্যেও জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি জানান, আসন্ন বাজেট অধিবেশনে বিস্তারিত আলোচনা শেষে নির্ধারিত সময়ের মধ্যেই বাজেট পাস করা হবে।

সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে মাঠপর্যায়ে তদারকি জোরদার, শিক্ষা ও স্বাস্থ্যখাতের সংস্কার এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মধ্যাহ্নভোজ কর্মসূচি সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

স্বাস্থ্যখাত প্রসঙ্গে চিফ হুইপ বলেন, ডেঙ্গুসহ মৌসুমি রোগ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। হাসপাতাল অবকাঠামো সম্প্রসারণ, নতুন হাসপাতাল নির্মাণ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চলমান কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

যোগাযোগ খাতে দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গুরুত্বপূর্ণ মহাসড়ক উন্নয়ন, পরিবহন টার্মিনাল নির্মাণ এবং বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। পদ্মা ব্যারাজ বাস্তবায়িত হলে কৃষি ও সেচ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বিদ্যুৎখাতের বিষয়ে তিনি জানান, বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও উৎপাদন ব্যয় বৃদ্ধি সত্ত্বেও সরকার ভর্তুকি অব্যাহত রেখেছে। বিদ্যুতের মূল্য সমন্বয় করা হলেও ৬৬ শতাংশ গ্রাহকের ওপর এর প্রভাব পড়বে না। এছাড়া ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বর্তমান মূল্য অপরিবর্তিত থাকবে।

বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করতে সরকার কাজ করছে উল্লেখ করে চিফ হুইপ বলেন, শিশু নির্যাতনসহ গুরুত্বপূর্ণ মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। আলোচিত রামিসা হত্যা মামলাটি প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং মামলাটির দ্রুত বিচার সম্পন্ন হয়েছে। এ মামলার রায় রবিবার ঘোষণা করা হবে বলে তিনি জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে তিনি বলেন, মাদক ও অপরাধ দমনে সরকারের অবস্থান কঠোর। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সরকারি উন্নয়ন প্রকল্প ও জনসেবার বাস্তব অবস্থা নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার আহ্বান জানানো হয়েছে।

সংবিধান সংশোধন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, সময়ের প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধনের নজির বিশ্বের অনেক দেশেই রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও সংবিধানের মৌলিক কাঠামো ও নাগরিক অধিকার অক্ষুণ্ন রেখে প্রয়োজনীয় সংস্কার সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তি গঠনমূলক ভূমিকা পালন করবে এবং সংবিধান সংশোধন প্রক্রিয়ায়ও ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করবে।

এম জি