বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি-লোডশেডিং নেই, সাময়িক বিভ্রাট থাকতে পারে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৯:৫১ পিএম
বিদ্যুৎ ঘাটতি-লোডশেডিং নেই, সাময়িক বিভ্রাট থাকতে পারে

দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই এবং বিদ্যুৎ উৎপাদনের অভাবে লোডশেডিং করার প্রয়োজন হচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে ঝড়-বৃষ্টিতে গাছ পড়ে লাইন ছিঁড়ে যাওয়া, কিংবা সঞ্চালন ও বিতরণ লাইনের ত্রুটির কারণে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

রোববার জাতীয় সংসদে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, গ্রীষ্ম ও সেচ মৌসুমে দেশের দৈনিক বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াট। চাহিদা অনুযায়ী উৎপাদনে ঘাটতি না থাকলেও অবকাঠামোগত সীমাবদ্ধতা, প্রাথমিক জ্বালানির সংকট এবং ঝড়-বৃষ্টির কারণে কিছুটা বিভ্রাট ঘটে।

মন্ত্রী আরও বলেন, লোডশেডিং বলতে বোঝায় বিদ্যুৎ ঘাটতির কারণে বিদ্যুৎ না থাকা, কিন্তু দেশে এখন কোনো ঘাটতি নেই। তাই একে লোডশেডিং বলা ঠিক নয়।

সংসদে তিনি জানান, দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিসহ নতুন কেন্দ্র নির্মাণ ও পরিকল্পনা চলমান রয়েছে। ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ নিশ্চিত করার লক্ষ্য সরকারের রয়েছে।

তিনি আরও বলেন, গ্যাস, কয়লা ও তরল জ্বালানিভিত্তিক কেন্দ্রগুলোর উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে নিতে পরিকল্পিতভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।

তবে মন্ত্রী স্বীকার করেন, অতিরিক্ত তাপমাত্রা ও চাহিদা বৃদ্ধির সময়ে কিছু এলাকায় সাময়িক লোডশেডিং হতে পারে এবং সরকার তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

এম জি