সীমান্ত নিরাপত্তা জোরদারে আনসার-ভিডিপির সম্পৃক্ততা বৃদ্ধি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০১:০৪ পিএম
সীমান্ত নিরাপত্তা জোরদারে আনসার-ভিডিপির সম্পৃক্ততা বৃদ্ধি

দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) অনুযায়ী সীমান্ত ব্যবস্থাপনা কার্যক্রমে আনসার-ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে।

২০২৫ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের আওতায় সীমান্তবর্তী এলাকায় আনসার-ভিডিপি সদস্যরা বিজিবির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। এর মাধ্যমে সীমান্ত নিরাপত্তা কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বর্তমানে দেশের ১১টি সীমান্তবর্তী জেলায়- চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর এবং খাগড়াছড়ি- উপজেলা/থানা পর্যায়ের আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এছাড়া, উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহের লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও সতর্ক ও প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে আনসার-ভিডিপির এই সম্পৃক্ততা জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করছে। এর ফলে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে একটি সমন্বিত ও টেকসই ব্যবস্থা গড়ে উঠছে।

এএন